তোলাবাজি করলে জেলে যেতে হবে, শিলিগুড়িতে কড়া বার্তা পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের

তোলাবাজি করলে জেলে যেতে হবে, শিলিগুড়িতে কড়া বার্তা পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



শিলিগুড়ি: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলে আসছে বিজেপি। তবে নতুন সরকার ক্ষমতায় আসার সাড়ে তিন মাসের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অনৈতিকভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রেই শাসকদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠার দাবি করা হয়েছে।

এই পরিস্থিতিতে তোলাবাজি বন্ধ করতে পুলিশকে পাশে নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। স্পষ্ট জানিয়ে দিলেন, তোলাবাজি করলে কোনওভাবেই রেহাই মিলবে না, যেতে হবে জেলে।

গত কয়েকদিনে রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি শিলিগুড়িতেও তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। বিষয়টি মন্ত্রীর নজরেও আসে। এরপর বুধবার কলকাতা থেকে শিলিগুড়ি ফিরেই মাইক হাতে রাস্তায় নামেন শঙ্কর ঘোষ।

কোর্ট মোড়ে গিয়ে পুলিশ আধিকারিকদের পাশে দাঁড়িয়ে তিনি স্পষ্ট বার্তা দেন, কেউ তোলাবাজি করলে তাঁর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তোলাবাজির অভিযোগ পাওয়া গেলে অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশও দেন তিনি।

মন্ত্রী আরও জানান, এই নীতি কোনও নির্দিষ্ট দল বা গোষ্ঠীর জন্য নয়। দল-মত নির্বিশেষে তোলাবাজির বিরুদ্ধে একইভাবে আইনি ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায়ের অভিযোগ কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট করে দেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top