
নিজস্ব সংবাদদাতা ,কলকাতা,২৫ শে মার্চ :লক্ষ্য একটাই, কেন্দ্রের মসনদ থেকে হঠাতে হবে নরেন্দ্র মোদীর সরকারকে। আর সেই উদ্দেশ্য বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে তৃণমূলেই প্রধান শক্তি হিসাবে মনে করে সমাজবাদী পার্টি। আর তাই তৃণমূলের ৪২ এ ৪২ শ্লোগানকে সমর্থন করে রাজ্যে কোন প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিল অখিলেশ যাদবের পার্টি। সোমবার কলকাতা প্রেস ক্লাবে সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ সভাপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী কিরনময় নন্দ জানান, আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর দল তৃণমূলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন বিজেপিকে প্রতিহত করতে। তিনি যে শ্লোগান দিয়েছেন ৪২ এ ৪২ তা করে দেখানোর ক্ষমতা রাখেন বাংলার মুূখ্যমন্ত্রী। আর তা সম্ভব হলে তাদের যে উদ্দেশ্য, বিজেপি ক্ষমতা চ্যুত করা তা সহজ হবে। উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ থেকে বিরোধীরা ভাল ফল করলে বিজেপির পক্ষে আর ক্ষমতায় ফেরা সম্ভব হবে না। উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টির জোট ৫৫ থেকে ৬০ এর বেশি আসন দখল করবে বলে এদিন দাবি করেন এই সর্বভারতীয় সমাজবাদী নেতা।



















