দেশ: সংসদে গুরুত্বপূর্ণ দুটি বিল পাস না হওয়ায় রাজনৈতিক চাপের মুখে রয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের দাবি, মহিলা সংরক্ষণ সংশোধনী এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল সংসদে পাস করানোর লক্ষ্যেই আসন্ন বাদল অধিবেশনকে সামনে রেখে জোর তৎপরতা শুরু করেছে মোদি সরকার। প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে জাতীয় রাজনীতিতে নতুন করে জোট ও সমীকরণের আলোচনা শুরু হয়েছে বলেও রাজনৈতিক মহলে জল্পনা।
রাজনৈতিক সূত্রের মতে, কেন্দ্রের মূল লক্ষ্য আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলটি সংসদে পাস করানো। বিরোধী দলগুলির অভিযোগ, এই আইনের মাধ্যমে লোকসভা নির্বাচনের আগে আসন বিন্যাসে এমন পরিবর্তন আনা হতে পারে, যা শাসক দলের রাজনৈতিক সুবিধা বাড়াবে এবং বিরোধীদের লড়াই আরও কঠিন করে তুলবে। যদিও এই বিষয়ে কেন্দ্রের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে বিরোধী শিবিরের একাংশের সমর্থন আদায়ের চেষ্টাও চলছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি, এতদিন যাঁদের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিল বিজেপি, তাঁদের মধ্য থেকেও কয়েকজন সাংসদের সমর্থন পাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা যাচ্ছে।
রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই সমর্থন আদায়ের কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই বিষয়ে এখনও কেন্দ্রীয় সরকার বা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে বাদল অধিবেশনে এই বিলগুলিকে ঘিরে রাজনৈতিক সমীকরণ কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রয়েছে।




















