রাজ্য – বারুইপুরের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বুধবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের মিছিলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। কালীঘাট তৃণমূলের ডাকা এই কর্মসূচিতে অংশ নেন দলের নেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল চলাকালীন ভিড় নিয়ন্ত্রণ করতে নিজেই মাইক হাতে নেন তিনি। সেই সময়ই আচমকা মেজাজ হারিয়ে এক ব্যক্তিকে চড় মারতে দেখা যায় তাঁকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ব্যক্তি তৃণমূলেরই এক কর্মী।
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরু হয়। প্রথমদিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা বাড়তে থাকে। অভিযোগ, মিছিল চলাকালীন রাস্তার ধারে উপস্থিত কিছু মানুষের তরফে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। পাশাপাশি ‘মাছ চোর’ শিরোনামের একটি গানও বাজানো হয় বলে অভিযোগ ওঠে।
ক্রমশ ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে মাইক হাতে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিশৃঙ্খলার মধ্যেই তিনি এক ব্যক্তিকে চড় মারেন। ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ঘটনাটি ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।




















