কোটি টাকার বান্ডিল ঘিরে ভাইরাল ভিডিও, গ্রেপ্তার ত্রিপুরা পুলিশের কনস্টেবল ও TSR জওয়ান

কোটি টাকার বান্ডিল ঘিরে ভাইরাল ভিডিও, গ্রেপ্তার ত্রিপুরা পুলিশের কনস্টেবল ও TSR জওয়ান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ত্রিপুরা -ঘরের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে কোটি কোটি টাকার বান্ডিল। সেই দৃশ্যের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় ত্রিপুরাজুড়ে। ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নিরাপত্তা বাহিনীর এক দম্পতিকে গ্রেপ্তার করল পুলিশ।
অভিযুক্তদের নাম মেনকা দেববর্মা এবং অজিত দেববর্মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেনকা দেববর্মা আগরতলা পূর্ব থানায় মহিলা কনস্টেবল পদে কর্মরত। অন্যদিকে তাঁর স্বামী অজিত দেববর্মা ত্রিপুরা স্টেট রাইফেলস বা টিএসআরের ১৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ান।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ঘরের মেঝেজুড়ে থরে থরে সাজানো রয়েছে বিপুল পরিমাণ টাকার বান্ডিল। সেই টাকার পাশেই বসে থাকতে দেখা যায় মহিলা কনস্টেবল মেনকা দেববর্মাকে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এরপরই ঘটনার তদন্তে নামে ধলাই জেলার পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এই বিপুল আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে। আদালত তাঁদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার পিছনে আরও বড় কোনও আর্থিক চক্র জড়িত থাকতে পারে।
বর্তমানে দম্পতিকে জেরা করে এই বিপুল পরিমাণ টাকার উৎস, সম্ভাব্য লেনদেন এবং অন্য কারও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে গোটা ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে ত্রিপুরার প্রশাসনিক মহলে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top