মাছবাজারে মাছ কাটছেন কৌশানী! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

মাছবাজারে মাছ কাটছেন কৌশানী! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের কেরিয়ারে গত কয়েক বছরে এসেছে বড় পরিবর্তন। উইন্ডোজ প্রযোজনা সংস্থার ব্যানারে কাজ করার পর থেকেই তাঁর অভিনয়জীবনে খুলেছে নতুন দিগন্ত। বিশেষ করে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় ২০২৪ সালের ছবি ‘বহুরূপী’-তে ঝিমলি চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন কৌশানী। এরপর সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’-তে ‘পর্ণা’ চরিত্রেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।
কেরিয়ারের শুরুতে মূলধারার বাণিজ্যিক ছবিতে কাজ করলেও সেভাবে সাফল্য পাননি কৌশানী মুখোপাধ্যায়। তবে ২০২৪ সালের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। বর্তমানে টলিউডের প্রথম সারির পরিচালক ও প্রযোজকদের পছন্দের তালিকায় উঠে এসেছে তাঁর নাম।
এরই মধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে কৌশানীর এক অন্যরকম ভিডিও। যেখানে তাঁকে দেখা যাচ্ছে মাছবাজারে বসে মাছ কাটতে। সাধারণ শাড়ি, মুখে ক্লান্তির ছাপ— একেবারে অন্য অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেই ভিডিও সামনে আসতেই অনেকেই অবাক হয়ে যান। কেউ কেউ মনে করেছিলেন, সত্যিই কি অভিনয় ছেড়ে মাছ বিক্রির কাজে নেমেছেন কৌশানী?
তবে বাস্তবে বিষয়টি সম্পূর্ণ আলাদা। ভাইরাল হওয়া দৃশ্যটি আসলে একটি সিনেমার শুটিংয়ের অংশ। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আসন্ন ছবি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র শুটিং চলাকালীন এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়। বোলপুরের একটি মাছবাজারে শুটিং চলছিল এবং সেই সময় স্থানীয়দের তোলা ভিডিওই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কৌশানী মাছবাজারে বসে দক্ষতার সঙ্গে মাছ কাটছেন। জনবহুল এলাকায় শুটিংয়ের সময় এ ধরনের দৃশ্য সমাজমাধ্যমে ভাইরাল হওয়া নতুন কিছু নয়। এই ছবির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
অন্যদিকে এই ছবিতে একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে অভিনেতা ও পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। মোটা গোঁফ এবং ভারী চেহারায় তাঁকে চেনাই কঠিন হয়ে পড়েছে বলে মত নেটিজেনদের একাংশের।
বর্তমানে জোরকদমে চলছে ছবির শুটিং। কিছুদিন আগেই মালদাতেও শুটিং করেছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র টিম। সেই সময়ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল একাধিক শুটিং মুহূর্ত। সেখানে ঝিমলির লুকে দেখা গিয়েছিল কৌশানীকে। পাশাপাশি শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অভিজিৎ গুহ এবং বর্ষীয়ান অভিনেতা প্রদীপ ভট্টাচার্যের লুকও নজর কেড়েছিল দর্শকদের।
নতুন ছবিতে কৌশানী মুখোপাধ্যায়ের এই ভিন্নধর্মী চরিত্র নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ভাইরাল ভিডিও সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছে টলিউড মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top