বাংলার অর্থনীতি ঘুরে দাঁড়াতে কেন্দ্রের সহায়তা চাইছে বিজেপি, নির্মলার সঙ্গে বৈঠকে শমীক ভট্টাচার্য

বাংলার অর্থনীতি ঘুরে দাঁড়াতে কেন্দ্রের সহায়তা চাইছে বিজেপি, নির্মলার সঙ্গে বৈঠকে শমীক ভট্টাচার্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য -:পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি, শিল্পোন্নয়ন এবং কেন্দ্রীয় বকেয়া বরাদ্দকে সামনে রেখে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী Nirmala Sitharaman-এর সঙ্গে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি Shamik Bhattacharya। শনিবার দিল্লিতে অর্থমন্ত্রীর বাসভবনে প্রায় এক ঘণ্টার এই বৈঠকে বাংলার অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের সম্ভাব্য পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে।
বৈঠকের পর শমীক ভট্টাচার্য জানান, পশ্চিমবঙ্গের আর্থিক ভাঁড়ার যে কার্যত শূন্য অবস্থায় পৌঁছেছে, সেই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অবগত রয়েছেন। তাঁর কথায়, “কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করে কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়, সেই পথ তিনি খুঁজে বার করবেন বলেই আমাদের বিশ্বাস।”
জানা গিয়েছে, বৈঠকে রাজ্য বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রাপ্য কেন্দ্রীয় বকেয়া দ্রুত মেটানোর দাবিও জানানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন এবং রাজ্যে শিল্প বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
বিজেপির দাবি, পশ্চিমবঙ্গে শিল্পায়নের গতি ফেরানো না গেলে কর্মসংস্থানের সংকট আরও বাড়বে। এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, “গত ৫০ বছরে পশ্চিমবঙ্গের শিল্প কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। বাংলা এখন পরিযায়ী শ্রমিকদের রাজ্যে পরিণত হয়েছে। কাজের খোঁজে মানুষকে বাইরে যেতে হচ্ছে। এই পরিস্থিতি বদলানো প্রয়োজন।”
তাঁর আরও দাবি, পশ্চিমবঙ্গকে ফের Maharashtra, Karnataka এবং Tamil Nadu-এর মতো শিল্পোন্নত রাজ্যের সারিতে ফিরিয়ে আনাই বিজেপির লক্ষ্য।
বিজেপি নেতৃত্বের মতে, কেন্দ্রের আর্থিক সহায়তা এবং নতুন শিল্পনীতির মাধ্যমে বাংলায় নতুন বিনিয়োগ টানা সম্ভব। এর ফলে কর্মসংস্থান বাড়বে এবং পরিযায়ী শ্রমিক সমস্যাও অনেকটাই কমানো যাবে।
সূত্রের খবর, বৈঠকে ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যও বিশেষভাবে উঠে আসে। পাশাপাশি তাঁত শিল্প এবং টেক্সটাইল হাব গড়ে তোলার বিষয়েও আলাদা করে আলোচনা হয়েছে। এই সেক্টরে বিনিয়োগ ও উন্নয়নের সম্ভাবনা নিয়েও কথা হয়েছে বলে জানা গিয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, লোকসভা ভোট এখনও কিছুটা দূরে থাকলেও বাংলার অর্থনীতি, শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থানকে সামনে রেখে বিজেপি এখন থেকেই নতুন রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল শুরু করেছে।
এদিকে সূত্রের খবর, খুব শীঘ্রই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বঙ্গ সফরের সম্ভাবনাও রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top