কলকাতা – দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের নির্মাণকাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। চিংড়িঘাটা এলাকায় ফের জোরকদমে শুরু হওয়া এই প্রকল্পের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে কয়েক দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে চিংড়িঘাটা উড়ালপুল। ফলে ওই সময় যান চলাচলে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।
কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনের নির্মাণের অংশ হিসেবে চিংড়িঘাটা এলাকায় মেট্রো করিডরের গার্ডার সংযুক্তির শেষ পর্যায়ের কাজ করা হবে। এই কাজের জন্য মেট্রো কর্তৃপক্ষ মোট ১২০ ঘণ্টার বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। সেই অনুযায়ী প্রথম দফায় শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। দ্বিতীয় দফায় আগামী ৩ জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত একইভাবে উড়ালপুলে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে।
এই সময় চিংড়িঘাটা উড়ালপুলের সুকান্ত নগরমুখী অংশের উপর গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে গার্ডার সংযুক্ত করার কাজ হবে। প্রকল্পের দায়িত্বে থাকা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) জানিয়েছে, প্রথম পর্যায়ে ৩২৫ ও ৩২৬ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানো হবে। দ্বিতীয় পর্যায়ে ৩২৬ ও ৩২৭ নম্বর পিলারের উপর গার্ডার স্থাপন করে স্টেশনের সঙ্গে করিডরের চূড়ান্ত সংযোগ সম্পন্ন করা হবে।
উড়ালপুল বন্ধ থাকার সময় সেক্টর ফাইভমুখী যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করতে হবে। বেলেঘাটা মেইন রোড, ইএম বাইপাস ক্রসিং এবং সল্টলেকের বিভিন্ন রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে, যাতে সাধারণ মানুষের অসুবিধা যতটা সম্ভব কমানো যায়।
মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য, আগামী ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে নিউটাউন পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা চালু করা। উল্লেখ্য, প্রশাসনিক ও অন্যান্য জটিলতার কারণে চিংড়িঘাটা অংশের নির্মাণকাজ প্রায় আড়াই বছর বন্ধ ছিল। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর ফের পূর্ণ গতিতে কাজ শুরু হয়। এখন সেই কাজ শেষ পর্যায়ে পৌঁছনোয় অরেঞ্জ লাইনের উদ্বোধন নিয়ে আশা আরও জোরালো হয়েছে।



















