দেশ- ২,০০০ টাকার বেশি ইউপিআই (UPI) পেমেন্ট করলেই কি অতিরিক্ত টাকা দিতে হবে? গত কয়েকদিন ধরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ডিজিটাল লেনদেনকারী সাধারণ মানুষের মনে। তবে আপাতত স্বস্তির খবর, বর্তমানে ইউপিআই-এর মাধ্যমে ২,০০০ টাকার বেশি লেনদেন করলেও গ্রাহকদের কোনও অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে না।
তবে ভবিষ্যতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আইনি সংশোধনের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। সংসদে ‘পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ সংশোধনের প্রস্তাব পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই সংশোধনী আইন কার্যকর হলে নির্দিষ্ট কিছু ব্যবসায়িক ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর আইনি ক্ষমতা পাবে সরকার।
মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR হল ডিজিটাল লেনদেন প্রক্রিয়াকরণের জন্য ব্যাঙ্ক বা পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে দেওয়া পরিষেবা ফি। বর্তমানে ক্রেডিট ও ডেবিট কার্ডে এই চার্জ প্রযোজ্য হলেও ইউপিআই লেনদেনে এতদিন ‘জিরো MDR’ নীতি বহাল রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বছরে দেড় কোটি টাকার বেশি ব্যবসা করে এমন বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান, শপিং মল এবং রেস্তোরাঁগুলির ক্ষেত্রে MDR চালুর ভাবনা রয়েছে। ২,০০০ টাকার বেশি লেনদেনে সম্ভাব্য ০.৩ শতাংশ থেকে ০.৫ শতাংশ পর্যন্ত চার্জ ধার্য হতে পারে। তবে এই অর্থ সাধারণ গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হবে না। সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানকেই ব্যাঙ্ক বা পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাকে এই ফি দিতে হবে।
অর্থাৎ, বর্তমানে সাধারণ ইউপিআই ব্যবহারকারীদের জন্য কোনও অতিরিক্ত চার্জ চালু হয়নি। ভবিষ্যতে আইন কার্যকর হলেও তার প্রভাব মূলত বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরই পড়বে।




















