অভয়ার মামলায় জামিন নির্মল ঘোষের, তবু এখনই জেলমুক্তি নয়! ৭ ও ১১ সেপ্টেম্বর পর্যন্ত হেফাজত

অভয়ার মামলায় জামিন নির্মল ঘোষের, তবু এখনই জেলমুক্তি নয়! ৭ ও ১১ সেপ্টেম্বর পর্যন্ত হেফাজত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: অভয়ার মামলায় জামিন পেলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তবে জামিন মিললেও এখনই জেল থেকে বেরতে পারছেন না তিনি। তোলাবাজি এবং লটারি সংক্রান্ত মামলায় আগেই তাঁর ৭ ও ১১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ রয়েছে। ফলে অভয়ার মামলায় জামিন পেলেও আপাতত গারদের ওপারেই থাকতে হবে নির্মলকে।

একই দিনে অভয়ার প্রতিবেশী ‘কাকু’ সঞ্জীব মুখোপাধ্যায়ও জামিন পেয়েছেন। সঞ্জীবকে হেফাজতে নেওয়ার জন্য পুলিশের আবেদন আদালত খারিজ করে দেয়।

প্রসঙ্গত, গত ১৩ অগস্ট বালাসোর থেকে গ্রেপ্তারের পর অভয়া মামলায় ১৫ দিন পুলিশ হেফাজতে ছিলেন নির্মল ঘোষ। গত শনিবার আরও দু’দিনের হেফাজত শেষে সোমবার তাঁকে আদালতে তোলা হয়। ফের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। সেই আবেদন খারিজ করে অভয়ার মামলায় নির্মলকে জামিন দেয় আদালত।

পাশাপাশি অস্ত্র আইনের একটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে নির্মলকে হেফাজতে নেওয়ার আবেদনও করেছিল পুলিশ। সেই আবেদনও আদালত খারিজ করে দিয়েছে।

অন্যদিকে, সঞ্জীব মুখোপাধ্যায়কে হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হয়েছিল পুলিশের তরফে। আদালত সেই আবেদন খারিজ করে তাঁকেও জামিন দিয়েছে।

সঞ্জীবের আইনজীবী আদালতে অভয়ার বাবার পুরনো একটি ভিডিওর বক্তব্য তুলে ধরে দাবি করেন, ওই ভিডিওতে অভয়ার বাবা জানিয়েছিলেন, ঘটনার দিন সঞ্জীব তাঁর সঙ্গে একই গাড়িতে ছিলেন। পালটা অভয়ার বাবার আইনজীবী দাবি করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই ধরনের ভিডিও ক্লিপিং গ্রহণযোগ্য নয়।

দুই পক্ষের বক্তব্য শোনার পর সঞ্জীবকে জামিন দেয় আদালত। এদিন আদালতে উপস্থিত ছিলেন অভয়ার বাবা শেখররঞ্জন দেবনাথ। তবে আদালত চত্বর থেকে বেরিয়ে তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top