
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১৮ই সেপ্টেম্বর : গুলি করে খুন করা হলো এক চাষিকে। হিরাপুর থানার অন্তর্গত নতুনডিহি এলাকার ঘটনা। মঙ্গলবার রাতে নিজের বাড়ির সামনে চা খেতে বেরিয়েছিলেন পরমানন্দ মাহাতো । তিনি পেশায় চাষ করতেন বলে তার পরিবার সূত্রে জানা গিয়েছে। চা খেয়ে বাড়ি ফেরার সময় একটি নির্জন স্থানে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সেখানেই কাদার মধ্যে পড়ে যান পরমানন্দ মাহাতো। দীর্ঘ সময় তিনি সেখানে পড়েছিলেন। জায়গাটি নির্জন হওয়ায় প্রথমে কেউ জানতে পারেনি। পরে এলাকাবাসীরা জানতে পেরে তার বাড়িতে খবর দেয়। পুলিশ এসে পরমানন্দ মাহাতো কে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর এলাকাবাসীর বিক্ষোভ দেখায়। তাদের দাবি পুলিশ কেন দু’ঘণ্টা দেরিতে এসেছে। অন্যদিকে পরমানন্দের ছেলে অজয় মাহাতো জানিয়েছে তার বাবার সঙ্গে কারো শত্রুতা ছিল কিনা তার জানা নেই। তবে পরমানন্দর ভাই রাজা রাম মাহাতো জানিয়েছেন জমি বিবাদের কারণে এই খুন এবং খুনীরা স্থানীয় বাসিন্দা।


















