নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৪ জানুয়ারি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি। সেই খিচুড়ি খেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি গর্ভবতী মহিলা সহ ৫০ জন। ঘটনায় শোরগোল এলাকায়, আশঙ্কায় ভুগছেন খুদে শিশুদের অভিভাবকরা।
শনিবার সকালে মহঃবাজার ব্লকের মালডিহা গ্রামে ঘটনাটি ঘটেছে। সেখানকার ৬৪ নাম্বার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করার খিচুড়ি খেয়ে তিনজন প্রসূতি, একজন গর্ভবতী মহিলা ও বাকি অন্যান্য শিশুরা অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, খিচুড়ি খেতে গিয়ে হঠাৎ দেখা যায় খিচুড়িতে টিকটিকি পড়ে রয়েছে। তারপর অসুস্থ হয়ে পড়েন খিচুড়ি খাওয়া প্রায় সকলেই। খিচুড়িতে টিকটিকি পড়ে যাওয়ার ফলে বিষক্রিয়া হয়েছে বলে দাবি তাদের।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার পূর্ণিমা মন্ডল জানান, “আমাদের রান্নার সময় এবং রান্নার পর খাবার ঢাকা দেওয়া থাকে। কিন্তু কিভাবে টিকটিকি পড়ল তা বুঝতে পারছিনা।” এরপর প্রথমে অসুস্থদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্যাটেলনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে পরে তাদের পাঠানো হয় সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে। খিচুড়ির এই বিষক্রিয়ার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



















