
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৭ ফেব্রুয়ারি, সোমবার সকালে দোকানের সাটার ভাঙা অবস্থায় দেখে আশপাশের দোকানদাররা মোবাইলের দোকানের মালিককে খবর দেয়। এরপর দোকান মালিক ভেতরে ঢুকে দেখেন প্রায় সর্বস্ব নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।দোকান মালিকের দাবী টাকার অঙ্কে প্রায় পনেরো লক্ষ টাকার মোবাইল নিয়ে পালিয়েছে দুষ্কৃতীদল। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
দোকানের সিসিটিভি রবিবার রাতে কর্মীরা ভুল করে বন্ধ করে দিয়েছিল বলে দোকান মালিক মন্জু বালা জানিয়েছেন।দোকানের বাইরের সিসিটিভি ভাঙা অবস্থায় ছিল, আর এতে তদন্তের ক্ষেত্রে কিছুটা অসুবিধার মুখে পরে পুলিশ। যদিও আশপাশ এলাকার দোকানের সিসিটিভি ফুটেজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।দোকান মালিকের দাবী, দোকানের সিসিটিভি চুরি হওয়ার রাতেই কর্মীরা বন্ধ করতে গেল কেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। সোমবার সকালে মোবাইলের দোকানে চুরির ঘটনার খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বেনাচিতি বাজারে।



















