নয়াদিল্লী, ২১ মার্চ, ২০২১খাদী- ভারতের ঐতিহ্যশালী পোশাক। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ২৬ ও ২৭ মার্চ- দুদিনের বাংলাদেশ সফরে খাদী ও গ্রামোদ্যোগ কমিশন ১০০টি মুজিব জ্যাকেট সরবরাহ করেছে।
প্রধানমন্ত্রীর সফরকালে বিশিষ্টজনেরা এই জ্যাকেট পরবেন। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জ্যাকেটটি পরতেন। এ বছর বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মুজিব বর্ষ উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রীর ঢাকা সফরের প্রাক্কালে ঢাকায় ভারতীয় হাই-কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ১০০টি মুজিব জ্যাকেটের অর্ডার দিয়েছিল। উচ্চমানের পলি খাদী সুতো দিয়ে এই কালো রঙের জ্যাকেট তৈরি করা হয়েছে। এর ৬টি বোতাম ছাড়াও নিচের দিকে ২টি পকেট এবং ওপরে বাঁ-দিকে আরো একটি পকেট রয়েছে। পরিবেশ বান্ধব খাদীর সুতো দিয়ে তৈরি এই জ্যাকেটে খাদীর লোগো বসানো হয়েছে। খাদী ও গ্রামোদ্যোগ কমিশনের চেয়ারম্যান শ্রী বিনয় কুমার সাকসেনা বলেছেন, বাংলাদেশে মুজিব জ্যাকেট ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যিনি খাদী ব্র্যান্ডের অ্যাম্বাসাডার, এই জ্যাকেটটি বাংলাদেশ সফরে ব্যবহার করবেন। মুজিব জ্যাকেট বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। পুরোন প্রজন্ম শেখ মুজিবর রহমানের আদর্শকে অনুসরণ করে এই জ্যাকেট পরতেন। তরুণ প্রজন্মের এই জ্যাকেটের প্রতি উৎসাহ বাড়ছে। খাদীর তৈরি মুজিব জ্যাকেট ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে বিশ্বজুড়ে খাদীর প্রচার নতুন মাত্রা পাবে। যেহেতু কূটনৈতিক উদ্দেশ্যে এই জ্যাকেট ব্যবহার করা হবে তাই ঢাকায় ইতিমধ্যেই জ্যাকেটগুলি পাঠানো হয়েছে।



















