রাজ্য -: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে পরপর দু’দিন জিজ্ঞাসাবাদের পর সোমবার ফের সিআইডি দফতরে তলব করা হয়েছে। সুমিত নিজেই জানিয়েছেন, সোমবার সকাল ১১টায় তাঁকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। এবার ডেবরার চাকরি-দুর্নীতি মামলার তদন্তের স্বার্থেই এই নতুন সমন পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে শনিবার ও রবিবার টানা দু’দিন জমি-দুর্নীতি মামলার প্রেক্ষিতে সুমিত রায়কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন সিআইডির তদন্তকারী আধিকারিকেরা। দু’দিনের জিজ্ঞাসাবাদ শেষে ফের তাঁকে নতুন মামলায় তলব করা হয়েছে। ফলে পরপর তিন দিন সিআইডি দফতরে হাজিরা দিতে হচ্ছে অভিষেকের আপ্তসহায়ককে।
জমি এবং চাকরি সংক্রান্ত দুই দুর্নীতি মামলাতেই সুমিত রায় আদালত থেকে আইনি স্বস্তি পেয়েছেন বলে জানা গিয়েছে। জমি-দুর্নীতি মামলায় প্রথমে কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। তবে গত সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই আবেদন খারিজ করে দেন।
অন্যদিকে, ডেবরার চাকরি-দুর্নীতি মামলায় আদালত শর্তসাপেক্ষে সুমিত রায়ের আগাম জামিন মঞ্জুর করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, তাঁকে ১০ দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে। সেই নির্দেশের পরই চাকরি-দুর্নীতি মামলার তদন্তে সুমিতকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে সমন পাঠিয়েছে সিআইডি।




















