দিল্লি – সরকারি দপ্তরে ফাইলের জট, দীর্ঘসূত্রিতা এবং পরিষেবা পেতে নাগরিকদের হয়রানি কমাতে বড় পদক্ষেপের পথে দিল্লি সরকার। বুধবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা ‘Delhi Right of Citizen to Time-Bound and Ease of Delivery of Service Bill, 2026’-এ অনুমোদন দিয়েছে। এই বিল আইনে পরিণত হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি পরিষেবা দেওয়া বাধ্যতামূলক হবে এবং অযথা দেরি হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে আর্থিক জরিমানার ব্যবস্থা করা হবে।
প্রস্তাবিত বিল অনুযায়ী, কোনও সরকারি আবেদন নির্ধারিত সময়সীমার মধ্যে নিষ্পত্তি না হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে প্রতিদিন ২৫০ টাকা হারে জরিমানা ধার্য করা যেতে পারে। এই জরিমানার সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ৫,০০০ টাকা। একইভাবে, যথাযথ কারণ ছাড়া কোনও আবেদন বাতিল করা হলেও একই পরিমাণ জরিমানার বিধান রাখা হয়েছে।
তবে কোনও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আগে সংশ্লিষ্ট আধিকারিককে নিজের বক্তব্য বা ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হবে। প্রাকৃতিক ন্যায়বিচারের নীতি অনুসরণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই আইনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সম্পূর্ণ ডিজিটাল পরিষেবা ব্যবস্থা। নাগরিকরা ঘরে বসেই অনলাইনে বিভিন্ন সরকারি পরিষেবার জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গেই একটি ইউনিক ট্র্যাকিং নম্বর দেওয়া হবে, যার মাধ্যমে আবেদনকারীরা রিয়েল-টাইমে তাঁদের আবেদনের অগ্রগতি জানতে পারবেন। ফলে একই কাজের জন্য বারবার সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে।
এছাড়াও অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রেও আনা হয়েছে নতুন ব্যবস্থা। নির্ধারিত সময়ের মধ্যে কোনও কাজ সম্পন্ন না হলে নাগরিককে আলাদা করে অভিযোগ জানাতে হবে না। সময়সীমা অতিক্রম করলেই আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট দপ্তরের গ্রিভ্যান্স সেলে পাঠানো হবে, যাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।




















