সোশ্যাল মিডিয়ার লাইভে ভেঙে পড়া দেবলীনা নন্দী, হাসপাতালে ভর্তি গায়িকাকে ঘিরে উদ্বেগ নেটদুনিয়ায়

সোশ্যাল মিডিয়ার লাইভে ভেঙে পড়া দেবলীনা নন্দী, হাসপাতালে ভর্তি গায়িকাকে ঘিরে উদ্বেগ নেটদুনিয়ায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – হাসিমুখ, মিষ্টভাষী আর সবসময় ইতিবাচকতার ছোঁয়া—এই ছবিতেই দেবলীনা নন্দীকে চেনে নেটদুনিয়া। কখনও সুরের জাদুতে মন ভোলান, কখনও পারিবারিক ভ্লগে হয়ে ওঠেন ঘরের মেয়ে, আবার কখনও কচিকাঁচাদের শিক্ষক। জীবনের ছোট-বড় প্রতিটি মুহূর্ত তিনি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। সেই দেবলীনাকেই ঘিরে এখন উদ্বেগে প্রার্থনা করছে গোটা নেটপাড়া।
২০২৪ সালে পাইলট পেশায় যুক্ত এক ব্যক্তির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন দেবলীনা। কিন্তু বিয়ের পর থেকেই তাঁর জীবনে শুরু হয় টানাপোড়েন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লাইভে এসে ভেঙে পড়েন তিনি। লাইভে দেবলীনা জানান, কর্মজীবন ও পারিবারিক—দু’দিকেই একসঙ্গে সমস্যা চলছে। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর পেশা ও তাঁর মাকে নিয়ে আপত্তি শুরু হয়। এমনকি বারবার তাঁকে মাকে ছেড়ে দেওয়ার কথাও শোনানো হয়েছে বলে জানান গায়িকা।
লাইভে কান্নাভেজা গলায় দেবলীনা বলেন, তিনি অনেক চেষ্টা করেছেন সব কিছু সামলানোর, কিন্তু আর পারছেন না। নিজের জীবনের ট্র্যাজেডির কথা এতদিন আড়াল করে শুধু ভালো মুহূর্তগুলোই ভ্লগে তুলে ধরেছেন বলে জানান তিনি। মা-কে ছাড়া তাঁর পক্ষে বেঁচে থাকা বা এগিয়ে চলা অসম্ভব বলেও স্পষ্ট করে দেন। দেবলীনাকে বলতে শোনা যায়, নিজের সবটুকু উজাড় করে দেওয়া সেই মাকে কোনওভাবেই তিনি ত্যাগ করতে পারবেন না। লাইভে তিনি বলেন, “আমি ভালো নেই। সারাক্ষণ নাটক করে দেখাই আমি ভালো আছি।”
এই লাইভের পরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরপরই খবর আসে, দেবলীনা নন্দী নিজের জীবন নিয়ে চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং আগের থেকে অনেকটাই সুস্থ। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।
এই ঘটনায় শোকস্তব্ধ অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় দেবলীনাকে দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তায় ভরে গিয়েছে। সকলের একটাই প্রার্থনা—এই কঠিন সময় পেরিয়ে আবার আগের মতো সুরে, হাসিতে ফিরে আসুন দেবলীনা নন্দী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top