বারাসতে তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক, ইডি তদন্তের দাবিতে সরব বিরোধীরা

বারাসতে তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক, ইডি তদন্তের দাবিতে সরব বিরোধীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তর 24 পরগণা – বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি গিয়াসউদ্দিন মণ্ডলের একটি ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে একটি টেবিলের উপর ৫০০ টাকার নোটের স্তূপ এবং তার পাশে বসে থাকতে দেখা যাচ্ছে অভিযুক্ত নেতাকে। যদিও এখনও পর্যন্ত ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি, তবুও বিরোধীরা এটিকে দুর্নীতির প্রমাণ বলে দাবি করে ইডি তদন্তের জোরালো দাবি তুলেছে।
বিরোধী শিবিরের অভিযোগ, এই ভিডিও রাজ্যের শাসক দলের দুর্নীতির আরেকটি উদাহরণ। তাদের দাবি, প্রকাশ্যে নগদ টাকার এমন প্রদর্শন প্রশাসনিক দুর্নীতির দিকেই ইঙ্গিত করছে। বিষয়টি নিয়ে দ্রুত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপ প্রয়োজন বলেও তারা দাবি করেছে।
অন্যদিকে, গিয়াসউদ্দিন মণ্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এটি ২০২২ সালের একটি পুরনো ভিডিও, যা জমি কেনাবেচা সংক্রান্ত একটি লেনদেনের সময় ধারণ করা হয়েছিল। সেই লেনদেনের সঙ্গে তাঁর সরাসরি কোনও আর্থিক সম্পর্ক নেই বলেও তিনি জানিয়েছেন। তাঁর বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এবং দলকে কালিমালিপ্ত করতেই এই ভিডিও নতুন করে ছড়ানো হচ্ছে।
শাসক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করা হয়েছে। দলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন, বিষয়টি তারা গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সব মিলিয়ে ভিডিও ঘিরে তৈরি হওয়া এই বিতর্কে বর্তমানে বারাসত এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও চাঞ্চল্য তুঙ্গে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top