রাজ্য – বিধানসভায় সংখ্যালঘু ইস্যুতে তুমুল বিতর্কের মধ্যে আবারও উঠে এল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে ওঠার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুদ্ধদেবকে নিয়ে মন্তব্য করেন। তাঁর বক্তব্য, ব্যক্তি হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য অনেক ক্ষেত্রেই আলাদা ছিলেন এবং একাধিক ব্যক্তিগত সিদ্ধান্তও সঠিক ছিল।
বাজেট অধিবেশনে অগ্নিমিত্রা পাল সংখ্যালঘু প্রসঙ্গে কড়া মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার অপরাধীদের রক্ষা করছে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে বহু সংখ্যালঘু মানুষের অবদান রয়েছে, তাই সকল সংখ্যালঘুকে অপরাধী বলা যায় না। তিনি অগ্নিমিত্রা পালের কাছে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন।
এরপর দুই পক্ষের মধ্যে বিধানসভায় তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। অগ্নিমিত্রা পাল পাল্টা বলেন, সংখ্যালঘুদের স্বাধীনতা সংগ্রামের অবদান তিনি মানেন, কিন্তু বর্তমান সরকার তাঁদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বলে অভিযোগ করেন।
এই বিতর্কের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী মাদ্রাসা প্রসঙ্গ টেনে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম উল্লেখ করেন। তিনি বলেন, “ওনার অনেক ব্যক্তিগত সিদ্ধান্ত ঠিক ছিল। তবে সিপিএমের মুখ্যমন্ত্রী হিসেবে আমি তাঁর সমালোচনা করব। নন্দীগ্রামে গুলি চালনা বা অন্যান্য ঘটনার জন্য সিপিএমকে দায় নিতে হবে।”
শুভেন্দু অধিকারীর কথায়, ব্যক্তি হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য অন্যদের তুলনায় আলাদা ছিলেন। তিনি দুর্নীতি পছন্দ করতেন না বলেই একসময় মন্ত্রিসভাকে ‘চোরেদের মন্ত্রিসভা’ বলে ছাড়িয়ে গিয়েছিলেন। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে আর কোনও বিরূপ মন্তব্য করতে চান না তিনি। তাঁর বক্তব্য, “একজন মানুষ চলে গিয়েছেন, তাই এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে আমি খারাপ কিছু বলব না।”




















