ভাইরাল – ম্যাপ দেখে নির্দিষ্ট ঠিকানায় খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন এক ডেলিভারি কর্মী। কিন্তু সেই ঠিকানায় পৌঁছতেই তিনি আতঙ্কে হয়ে গেলেন। খাবার ডেলিভারি না করে সেখান থেকে পালালেন। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলেছে। কোথায় এবং কখন এই ঘটনা ঘটেছে, তা ভিডিও থেকে স্পষ্ট নয়।
ভিডিওতে দেখা যাচ্ছে, ডেলিভারি কর্মী একটি নির্দিষ্ট ঠিকানায় খাবার পৌঁছাতে গিয়ে গ্রাহককে ফোন করেন। ফোন ধরেন একজন মহিলা। তিনি ডেলিভারি কর্মীকে পথনির্দেশ দেন। কিন্তু এগোতেই কর্মী চমকে যান—দেখেন, গ্রাহক তাঁকে কবরস্থলের ভিতরে খাবার পৌঁছে দিতে বলছেন। চারপাশ শুনশান, বাইরে কেবল একটি কুকুর। সেই দৃশ্য দেখে কর্মী খানিকটা থতমত খেয়ে যান। তিনি গ্রাহককে জিজ্ঞাসা করেন, এটি কি সত্যিই ঠিকানা। উত্তরে মহিলা বলেন, সমাধিস্থলের ভিতরেই খাবার পৌঁছে দিতে হবে, কারণ তারা সেখানে পার্টি করছেন।
এই শুনে আরও ভয় পেয়ে যান ডেলিভারি কর্মী। কাঁপা কাঁপা গলায় তিনি জানিয়ে দেন, তিনি সমাধিক্ষেত্রে খাবার পৌঁছে দিতে পারবেন না। অনুরোধ করেন, গ্রাহক যেন বাইরে এসে খাবার নিয়ে যান বা অর্ডার বাতিল করেন। তরুণী প্রশ্ন করেন, “ডেলিভারি কর্মী ভূতের ভয় পাচ্ছেন কি না?” এরপর আর কথা বাড়ানো হয়নি। ডেলিভারি কর্মী তড়িঘড়ি সেখান থেকে চলে যান।
ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখেছেন। নেটাগরিকরা মজার মন্তব্যের পাশাপাশি বিস্ময়ও প্রকাশ করেছেন। একাংশ বিষয়টিকে ‘ভূতুড়ে’ আখ্যা দিয়েছেন, আবার অনেকে বলেছেন এটি মজার ছলনা। কেউ কেউ বলছেন, যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে, তবে ওই গ্রাহকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
নেটাগরিকদের একাংশ ভিডিওটি দেখে লিখেছেন, “আমি হলে অনেক আগেই পালিয়ে যেতাম বা ওখানেই অজ্ঞান হয়ে যেতাম।” অন্য একজন লিখেছেন, “যদি এটি কোনও মজা হয়, তবে যারাই এ ধরনের কর্মকাণ্ড করছেন তাদের শাস্তি হওয়া উচিত, ডেলিভারি কর্মীকে হয়রানি করার জন্য।”




















