৩২০০০ প্রাথমিক শিক্ষক মামলায় ফের সুপ্রিম কোর্টে লড়াই, বাড়ল অনিশ্চয়তা

৩২০০০ প্রাথমিক শিক্ষক মামলায় ফের সুপ্রিম কোর্টে লড়াই, বাড়ল অনিশ্চয়তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিলের জট এখনও কাটেনি। তার মধ্যেই ফের চর্চায় প্রাথমিকের ৩২০০০ শিক্ষক নিয়োগ মামলা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়ে ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রেখেছিল, সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে এবার Supreme Court of India-এর দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের একাংশ। শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের হওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে প্রাথমিকের ৩২০০০ শিক্ষক নিয়োগ মামলায় Calcutta High Court-এর বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি বহাল থাকবে। সেই রায়কে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। ফলে কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ আবার প্রশ্নের মুখে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১২ মে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। পাশাপাশি তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর কথাও বলেন তিনি। সেই সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।
পরবর্তীতে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। এর আগেও মামলাটি সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সেখান থেকে তা ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফিরে আসে। দীর্ঘ শুনানির পর গত বছরের ডিসেম্বরে ডিভিশন বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায় খারিজ করে দেয় এবং শিক্ষকদের চাকরি বহাল রাখে।
রায় দিতে গিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, প্রায় ৯ বছর পর একসঙ্গে এতজনের চাকরি বাতিল হলে শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে আসতে পারে। সেই রায়ে স্বস্তি ফিরেছিল ৩২০০০ শিক্ষকের মধ্যে। তবে নতুন করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ায় ফের অনিশ্চয়তার ছায়া ঘনাল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top