ব্রিগেডে মোদির সভা ঘিরে রাজনৈতিক তরজা, SIR ইস্যুতে সরব তৃণমূল

ব্রিগেডে মোদির সভা ঘিরে রাজনৈতিক তরজা, SIR ইস্যুতে সরব তৃণমূল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া SIR নিয়ে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ। বিরোধীদের অভিযোগ, স্বচ্ছতার নাম করে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং প্রায় ৬০ লক্ষ ভোটারকে বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে SIR ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে।
অন্যদিকে, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শনিবার ব্রিগেড সমাবেশে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী Narendra Modi। তাঁর সভার মঞ্চে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া রাখা হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মঞ্চ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি মঞ্চের দুই পাশে বাংলার শিল্প-সংস্কৃতি, টেরাকোটা পট, বিষ্ণুপুরের মন্দিরের ছবি এবং বিভিন্ন ঐতিহ্যবাহী উপাদান প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
তৃণমূল কংগ্রেসের দাবি, একদিকে বাঙালিদের হেনস্তা এবং ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের অভিযোগ উঠছে, অন্যদিকে বাঙালি আবেগকে সামনে রেখে মঞ্চ সাজানো হচ্ছে। দলের মতে, এই সাংস্কৃতিক উপস্থাপন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা আরও দাবি করেছে, রাজ্যের বকেয়া অর্থ নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে বারবার অবস্থান নিয়েছে তারা।
এসবের পাল্টা জবাব দিতে সভার আগেই তৃণমূল সরব হয়েছে। শহরের বিভিন্ন স্থানে প্রতিবাদমূলক পোস্টারও দেখা গেছে বলে দাবি। রাজনৈতিক মহলের মতে, ব্রিগেডের এই সমাবেশকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বাঙালি পরিচয় ও উন্নয়নের ইস্যু আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top