লক্ষদ্বীপ ভ্রমণে বড় শিথিলতা, সহজ হল প্রবেশ নীতি—পর্যটনে নতুন সম্ভাবনার ইঙ্গিত

লক্ষদ্বীপ ভ্রমণে বড় শিথিলতা, সহজ হল প্রবেশ নীতি—পর্যটনে নতুন সম্ভাবনার ইঙ্গিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


অফ বিট – নীল জলরাশি, সাদা বালির সৈকত এবং প্রবাল প্রাচীরের মনোরম সৌন্দর্যে ঘেরা লক্ষদ্বীপ (Lakshadweep) ভ্রমণে এবার বড়সড় পরিবর্তন আনল প্রশাসন। দীর্ঘদিন ধরে কঠোর নিয়ম ও জটিল কাগজপত্রের কারণে যাত্রা কিছুটা কঠিন হলেও এবার সেই প্রবেশ নীতি অনেকটাই শিথিল করা হয়েছে। ফলে পর্যটকদের জন্য এই দ্বীপপুঞ্জে ভ্রমণ এখন তুলনামূলকভাবে সহজ হতে চলেছে।
নতুন নিয়ম অনুযায়ী, পর্যটকদের ভ্রমণের অন্তত ১৪ দিন আগে অনলাইন ই-পারমিট পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রে কোন কোন দ্বীপে যাওয়া হবে, কতদিন থাকা হবে এবং ট্রানজিটের তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অনুমতিপত্রে উল্লেখ না থাকা কোনো দ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
ট্রানজিট ব্যবস্থায়ও নির্দিষ্ট নিয়ম করা হয়েছে। পর্যটকরা কেবলমাত্র কাভারাত্তি ও আগাটি দ্বীপের মাধ্যমে যাতায়াত করতে পারবেন এবং সেখানে সর্বোচ্চ ১২ ঘণ্টা অবস্থান করা যাবে।
একটি বড় পরিবর্তন হিসেবে, এবার থেকে আর স্থানীয় স্পনসর বা পরিচিত ব্যক্তির রেফারেন্স লাগবে না। একইসঙ্গে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দেওয়ার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে। এখন আবেদন জমা পড়ার পর স্থানীয় প্রশাসন ও পুলিশই নিরাপত্তা যাচাই করবে।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে পর্যটন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এতদিন কঠোর নিয়মের কারণে বহু পর্যটক পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পিছিয়ে যেতেন। এবার সেই বাধা কমায় লক্ষদ্বীপে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
লক্ষদ্বীপের রাজধানী কাভারাত্তি এবং আগাটি দ্বীপ পর্যটকদের প্রধান আকর্ষণ। কাভারাত্তি প্রশাসনিক কেন্দ্র হওয়ার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত। অন্যদিকে আগাটি দ্বীপকে বলা হয় লক্ষদ্বীপের প্রবেশদ্বার, কারণ এখানেই রয়েছে একমাত্র বিমানবন্দর।
পর্যটন ব্যবসায়ীদের মতে, এই নতুন নিয়ম লক্ষদ্বীপের পর্যটন অর্থনীতিতে নতুন গতি আনবে এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য এটি আরও সহজ গন্তব্য হয়ে উঠবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top