রাজ্য – অবশেষে অপেক্ষার অবসান। আগামী ১ জুন থেকে রাজ্যে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিল, মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকার গঠনের পর এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়িত হতে চলেছে।
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আগের সরকারের কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম বদলে এখন রাখা হয়েছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। যাঁরা আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন, তাঁরাই এবার অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আসবেন বলে জানানো হয়েছে।
বুধবার রাজ্যের মহিলা, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শুধুমাত্র SIR প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদেরই এই প্রকল্পের তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে। বাকি সমস্ত যোগ্য মহিলাই এই প্রকল্পের সুবিধা পাবেন।
মন্ত্রী আরও জানান, এবার আর দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করতে হবে না। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আলাদা একটি অনলাইন পোর্টাল তৈরি করা হচ্ছে। সেই পোর্টালের মাধ্যমেই খুব সহজে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। অফলাইনে লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দেওয়ার প্রয়োজন হবে না বলেও জানানো হয়েছে।
অগ্নিমিত্রা পালের দাবি, পোর্টালটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে কম শিক্ষিত বা প্রযুক্তিতে অভ্যস্ত নন এমন মহিলারাও সহজেই আবেদন করতে পারেন। তিনি বলেন, সমাজের সর্বস্তরের মহিলাদের কথা মাথায় রেখেই এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। যাঁরা পড়াশোনার সুযোগ পাননি বা খুব বেশি শিক্ষিত নন, তাঁরাও যাতে কোনও সমস্যায় না পড়েন, সেই দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।
আগামী ১ জুন থেকে এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা সরাসরি আর্থিক সহায়তা পাবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।



















