রাজ্য – স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাস্কর ঘোষ নামে এক বিজেপি কর্মী। অভিযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে।
অভিযোগকারী বিজেপি কর্মীর দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কুরুচিকর এবং আপত্তিকর মন্তব্য করে আসছেন। তাঁর অভিযোগ, বিভিন্ন সময়ে অমিত শাহকে উদ্দেশ্য করে অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়েছে, যা একজন সাংবিধানিক পদাধিকারীর মর্যাদাহানির সামিল।
ভাস্কর ঘোষ আরও অভিযোগ করেন, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসাত্মক ঘটনাবলির সঙ্গেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িত ছিল। তাঁর দাবি, বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও মারধরের ঘটনায় উস্কানিমূলক ভূমিকা পালন করেছিলেন তৃণমূল সাংসদ। পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনের পর শ্রীরামপুর এলাকায় যে অশান্তি ছড়িয়েছিল, তার পিছনেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল বলে অভিযোগ করেন তিনি।
এই সমস্ত অভিযোগের ভিত্তিতে শ্রীরামপুর থানার আইসির কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগকারী জানিয়েছেন, আইন অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



















