মালদা – দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে ফের শুরু হল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বা ১০০ দিনের কাজ (MGNREGA)। ২০২২ সাল থেকে এই প্রকল্প কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পর একাধিক তদন্তে নানা অনিয়মের অভিযোগ সামনে আসে। এরপর কেন্দ্র সরকার এই প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দিলে রাজ্যে ১০০ দিনের কাজও বন্ধ হয়ে যায়।
তবে রাজ্যে নতুন সরকার গঠনের পর ফের এই প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার মালদার পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে ১০০ দিনের কাজের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদার বিজেপি বিধায়ক ভোপাল চন্দ্র সাহা এবং প্রশাসনের একাধিক আধিকারিক। উপস্থিত ছিলেন পুরাতন মালদার বিডিও-সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারাও।
অন্যদিকে, মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রঞ্জিতপুরের জোতশ্রীহারী পুকুরেও শনিবার থেকে পুনরায় শুরু হয় এমজিএনআরইজিএ প্রকল্পের কাজ। দীর্ঘদিন বন্ধ থাকার পর কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ফিতা কেটে এবং নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা, মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়, হবিবপুরের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মলয় কুমার পাল, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাণ্ডব সিংহ, বিরোধী দলনেতা মনিরাম চৌধুরী এবং এলাকার বহু বাসিন্দা।
দীর্ঘদিন পর ১০০ দিনের কাজ পুনরায় চালু হওয়ায় গ্রামাঞ্চলে খুশির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, এই প্রকল্প চালু হওয়ার ফলে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি কৃষিকাজ, জল সংরক্ষণ, পুকুর সংস্কার এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজও আরও গতিশীল হবে বলে আশা করছেন এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় বহু পরিবার সমস্যার মধ্যে ছিল। ১০০ দিনের কাজ ফের শুরু হওয়ায় সেই সমস্যা কিছুটা হলেও দূর হবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।



















