হাওড়া – কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রাই। মঙ্গলবার তিনি জানান, হাওড়া পুরসভার সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশনের কাজ শেষ হলেই নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করা হবে। পাশাপাশি ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নতুন পুরবোর্ড গঠনের লক্ষ্যে এগোচ্ছে সরকার।
রাষ্ট্রমন্ত্রী জানান, হাওড়া পুরসভার অধীনস্থ এলাকার পুনর্মূল্যায়নের মাধ্যমে পুর এলাকাকে ৬০টি ওয়ার্ডে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমীক্ষার ভিত্তিতে উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করতে কতগুলি ওয়ার্ড প্রয়োজন, তা পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁর দাবি। ডিলিমিটেশনের কাজ সম্পূর্ণ হলেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে।
তিনি আরও জানান, শুধু কলকাতা ও হাওড়া নয়, রাজ্যের আরও কয়েকটি পুরসভাতেও নভেম্বরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্নির্ধারণের কাজও দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজনৈতিক মন্তব্যও করেন উমেশ রাই। তাঁর অভিযোগ, অতীতে রাজনৈতিক স্বার্থে পুর এলাকার বিভাজন করা হয়েছিল, যার ফলে প্রশাসনিক জটিলতা তৈরি হয়। সেই পরিস্থিতি কাটিয়ে আরও কার্যকর পুর পরিষেবা গড়ে তুলতেই নতুন করে ৬০টি ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, হাওড়া পুরসভার শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। বর্তমানে নির্বাচিত পুরবোর্ড না থাকায় প্রশাসকের মাধ্যমে পুরসভার কাজকর্ম পরিচালিত হচ্ছে। নতুন ডিলিমিটেশন সম্পূর্ণ হলে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।




















