রাজ্য সফরে এসে পশ্চিমবঙ্গের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ এবং কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের সঙ্গে বৈঠকের পর তিনি কর্মসংস্থান, গ্রামীণ উন্নয়ন ও পরিকাঠামো নিয়ে একাধিক সিদ্ধান্তের কথা জানান।
বৈঠকের পর শিবরাজ সিং চৌহান বলেন, দেশে এল নিনোর মতো প্রাকৃতিক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রয়োজনে বাংলায় ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পে আরও ৫০ দিন কাজ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। তিনি দাবি করেন, কেন্দ্র অতীতেও পশ্চিমবঙ্গকে পর্যাপ্ত আর্থিক সহায়তা দিয়েছিল, কিন্তু পূর্বতন সরকারের দুর্নীতির কারণে সাধারণ মানুষ তার পূর্ণ সুবিধা পাননি।
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, গত মার্চ মাস পর্যন্ত জাতীয় সড়ক, রেল, মেট্রো-সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য ৮২ হাজার ৪৯২ কোটি টাকার কাজ অনুমোদন করা হয়েছিল। তাঁর অভিযোগ, সেই প্রকল্পগুলির বাস্তবায়নেও দুর্নীতি বাধা হয়ে দাঁড়িয়েছিল। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন ছাড়া ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণ সম্ভব নয়।
অন্যদিকে, বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তাঁর কথায়, দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প চালু হবে। পাশাপাশি প্রায় ২ কোটি ৫৬ লক্ষ জবকার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে প্রায় আড়াই কোটি মানুষ ১২৫ দিনের কর্মসংস্থানের সুযোগ পাবেন। এছাড়া গ্রাম সড়ক যোজনার জন্য কেন্দ্র ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর চলতি মাসের শুরু থেকেই ১০০ দিনের কাজের পরিবর্তে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প চালু হয়েছে। পাশাপাশি এই প্রকল্পে বকেয়া অর্থও কেন্দ্রের পক্ষ থেকে মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।



















