রাজ্য – রাজ্যের তুলনামূলকভাবে পিছিয়ে থাকা এলাকাগুলিতে উন্নয়নের গতি বাড়াতে সল্টলেকের আইএলজিইউএস ভবনে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যের বিভিন্ন উন্নয়ন ও পরিকাঠামোগত মাপকাঠিতে পিছিয়ে থাকা ১০০টি বিশেষ ব্লকের বিডিওদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট ব্লকগুলির কাজের অগ্রগতি এবং প্রশাসনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বিডিওদের সঙ্গে আলোচনায় প্রশাসনিক ক্ষেত্রে থাকা বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার উপায় এবং বাস্তবায়নের পথে থাকা বাধাগুলি চিহ্নিত করে তা দূর করার বিষয়ে জোর দেওয়া হয়। গ্রামীণ স্তরে সরকারি প্রকল্পগুলির সুফল যাতে দ্রুত মানুষের কাছে পৌঁছয়, সে বিষয়েও আধিকারিকদের প্রয়োজনীয় দিকনির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য, গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনও ধরনের বিলম্ব বা বাধা থাকা উচিত নয়। প্রশাসনের আধিকারিক ও কর্মীরা নিরলসভাবে কাজ করছেন বলেও জানান তিনি। উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা এলাকাগুলিকে অগ্রাধিকার দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের সুযোগ পৌঁছে দেওয়া এবং তাঁদের অধিকার নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে। রাজ্যের সার্বিক ও সমতাভিত্তিক উন্নয়নের লক্ষ্যে পিছিয়ে থাকা ব্লকগুলির কাজ নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও বৈঠকে বার্তা দেওয়া হয়েছে।




















