দেশ – শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের পথে মেটা। সমাজমাধ্যমে এমন কোনও ছবি, ভিডিয়ো বা অন্য বিষয় নজরে এলে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সরকারি সূত্রে খবর, সমাজমাধ্যমে শিশুদের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের কড়া অবস্থানের পরই মেটার তরফে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে।
শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত ছবি, ভিডিয়ো বা অন্যান্য ক্ষতিকর বিষয়বস্তু যাতে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে না পারে, তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এমন কনটেন্ট শনাক্ত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং গুরুতর ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে তথ্য জানানোর বিষয়ে সম্মতি জানিয়েছে মেটা।
কেন্দ্রের বক্তব্য, ভারতে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা সমাজমাধ্যম সংস্থাগুলির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত বিষয়বস্তু ছড়িয়ে পড়া রুখতে প্ল্যাটফর্মগুলিকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনও ধরনের আপস করা হবে না বলেও জানিয়েছে কেন্দ্র।
ফলে শিশুদের নিরাপত্তা সংক্রান্ত নজরদারি ও ক্ষতিকর কনটেন্ট মোকাবিলায় সমাজমাধ্যমে মেটার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনলাইনে শিশুদের সুরক্ষা জোরদার করতেই প্রযুক্তিনির্ভর শনাক্তকরণ ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের উপর জোর দেওয়া হচ্ছে।



















