কলকাতা – নতুন বছরের শুরুতেই নতুন রূপে যাত্রীদের জন্য খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। রেলবোর্ডের নির্দেশ অনুযায়ী আগামী ১ জানুয়ারি স্টেশনটি চালু করার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই দ্রুতগতিতে চলছে নির্মাণকাজ। তবে গত দু’মাস ধরে প্রায় নিয়মিত বৃষ্টির কারণে কাজ বারবার ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ শেষ করা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
গত ২৮ জুলাই থেকে ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রয়েছে। প্ল্যাটফর্মের স্তম্ভে ফাটল-সহ একাধিক পরিকাঠামোগত ত্রুটি ধরা পড়ার পর পুরনো স্টেশনটি ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ। প্রথমে প্রায় ৮-৯ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল।
ইতিমধ্যেই নতুন স্টেশন তৈরির জন্য আন্ডারগ্রাউন্ড পাইলিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। কাজ দ্রুত শেষ করতে অতিরিক্ত কর্মীও নিয়োগ করা হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে নির্মাণের গতি ব্যাহত হওয়ায় ১ জানুয়ারির মধ্যে স্টেশনটি যাত্রীদের জন্য খুলে দেওয়া সম্ভব হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। আগামী কয়েক মাসের কাজের গতির উপরই নির্ভর করছে নির্ধারিত সময়ে পরিষেবা চালুর বিষয়টি।


















