কলকাতা: ইএম বাইপাস সংলগ্ন এলাকায় জলাভূমি ভরাট, জমি দখল এবং বেআইনি আবাসন নির্মাণের অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই অভিযোগে অস্বস্তিতে কসবার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন অগ্নিনির্বাপণ মন্ত্রী জাভেদ খান। তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী উচ্চপর্যায়ের কমিটি ময়দানে নেমেছে।
কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত ওই তদন্তকারী দল বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ ইএম বাইপাস সংলগ্ন বিভিন্ন বিতর্কিত এলাকা পরিদর্শনে যায়। অভিযোগ, ওই এলাকাগুলির একাধিক জলাশয় ও জলাভূমি বুজিয়ে বহুতল আবাসন তৈরি করা হয়েছে। পাশাপাশি, বেশ কিছু জমি জোর করে দখল করে প্রোমোটিং ও নির্মাণকাজ চালানোর অভিযোগও উঠেছে।
দীর্ঘদিন ধরেই বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় জলাভূমি ভরাট এবং জমি দখল করে আবাসন প্রকল্প গড়ে তোলার অভিযোগ সামনে এসেছে। অভিযোগের তির জাভেদ খানের দিকে। অভিযোগকারীদের দাবি, প্রশাসনিক ক্ষমতা ও প্রভাব খাটিয়ে একের পর এক জলাশয় ভরাট করে সেখানে বড় আবাসন ও বহুতল নির্মাণ করা হয়েছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
কী কী অভিযোগ উঠেছে?
তদন্তের আওতায় রয়েছে ইএম বাইপাস সংলগ্ন একাধিক জলাশয় ও জলাভূমি বেআইনিভাবে ভরাটের অভিযোগ। পাশাপাশি, এলাকার জমি জোরপূর্বক দখল করে প্রোমোটিং এবং আবাসন নির্মাণের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। জলাশয় সংরক্ষণ সংক্রান্ত আইন অমান্য করে বহুতল ও আবাসন কমপ্লেক্স তৈরি হয়েছে বলেও অভিযোগ।
বৃহস্পতিবারের পরিদর্শনে তদন্তকারী দল ভরাট হয়ে যাওয়া জলাভূমি, তৈরি হওয়া আবাসন প্রকল্প এবং সীমানা ঘেরা খালি জমিগুলি খতিয়ে দেখে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ কী হবে, এখন সেদিকেই নজর।




















