কলকাতা: বাড়িতে একা থাকা প্রবীণ নাগরিকদের নিয়মিত খোঁজখবর নেওয়া, প্রয়োজনে ওষুধ পৌঁছে দেওয়া এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য করার লক্ষ্যে কলকাতা পুলিশের পুরনো ‘প্রণাম’ কর্মসূচি ফের চালুর পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কালীঘাট থানায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই উদ্যোগ পুনরায় সক্রিয় করার পরামর্শ দেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশের কাজ শুধু আইনশৃঙ্খলা রক্ষা বা অপরাধ দমনেই সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোও পুলিশের অন্যতম দায়িত্ব। তিনি জানান, অনেক প্রবীণ নাগরিকের সন্তান কর্মসূত্রে বা অন্য কারণে বাড়ির বাইরে থাকেন। তাঁদের মধ্যে কেউ কেউ একাই থাকেন। ফলে তাঁদের নিয়মিত খোঁজখবর নেওয়া অত্যন্ত জরুরি।
প্রবীণদের প্রয়োজনে চিকিৎসকের ব্যবস্থা করা, রক্তচাপ মাপানো এবং ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ওষুধ পৌঁছে দেওয়ার মতো পরিষেবা চালু রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। রাতের বেলায় কোনও প্রবীণ নাগরিক সমস্যায় পড়লে যাতে দ্রুত পুলিশি সাহায্য পৌঁছে যায়, সেই ব্যবস্থাও করার কথা বলেন তিনি। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী স্থানীয় ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে প্রবীণদের যোগাযোগ করিয়ে দেওয়ার পরামর্শ দেন।
এই সমস্ত পরিষেবা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে কলকাতা পুলিশের ‘প্রণাম’ কর্মসূচি ফের সক্রিয় করার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও মজবুত হবে।
মুখ্যমন্ত্রীর কথায়, “পুলিশের সঙ্গে মানুষের সম্পর্ক এমন হওয়া উচিত, যাতে ভয় নয়, ভরসা তৈরি হয়। আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করাই পুলিশের লক্ষ্য হওয়া উচিত।”




















