রাজ্য – প্রশাসনে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং লাল ফিতের দৌরাত্ম্য কমাতে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (P&AR) দফতর সরকারি ফিল্ড অফিসারদের জন্য একটি নতুন বদলি নীতি জারি করেছে। ১৩ জুলাই প্রকাশিত এই নির্দেশিকা অনুযায়ী, জনস্বার্থ রক্ষা এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন নিয়ম অবিলম্বে কার্যকর করা হয়েছে।
নতুন বদলি নীতির অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, সাধারণভাবে কোনও সরকারি আধিকারিককে তাঁর নিজের জেলায় পোস্টিং দেওয়া হবে না। তবে অবসরের শেষ দুই বছরে প্রশাসনিক প্রয়োজন ও অনুমোদনের ভিত্তিতে সংশ্লিষ্ট আধিকারিককে নিজের জেলায় ফিরিয়ে আনার সুযোগ রাখা হয়েছে। এতে একদিকে যেমন প্রশাসনিক নিরপেক্ষতা বজায় থাকবে, অন্যদিকে অবসরের আগে মানবিক দিকটিও বিবেচনায় রাখা হয়েছে।
একই পদে দীর্ঘদিন কর্মরত থাকার ফলে স্থানীয় প্রভাব বা স্বার্থের সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা এড়াতে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও আধিকারিক একই পদে তিন বছর পূর্ণ করলেই তাঁকে বদলির জন্য বিবেচনা করা হবে এবং কোনও অবস্থাতেই চার বছরের বেশি একই পদে রাখা যাবে না।
রাজস্ব আদায়, কর সংগ্রহ বা সরকারের অন্যান্য সংবেদনশীল মাঠপর্যায়ের দায়িত্বে থাকা আধিকারিকদের ক্ষেত্রে আরও কড়া নিয়ম প্রযোজ্য হবে। এই ধরনের পদে দুই বছর পূর্ণ হলেই বদলির প্রক্রিয়া শুরু করতে হবে এবং কোনওভাবেই তিন বছরের বেশি একই দায়িত্বে রাখা যাবে না।
তবে এই নীতি সব ক্ষেত্রে যান্ত্রিকভাবে কার্যকর হবে না। বদলির সময় সংশ্লিষ্ট আধিকারিকের পারিবারিক পরিস্থিতি, জেলা-সংক্রান্ত বাস্তব সমস্যা এবং অন্যান্য মানবিক বিষয় বিবেচনা করা হবে। এছাড়া গুরুতর ব্যক্তিগত বা শারীরিক অসুবিধা কিংবা বিশেষ প্রশাসনিক প্রয়োজনে সংশ্লিষ্ট দফতরের সুপারিশের ভিত্তিতে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর এই নিয়মে প্রয়োজনীয় শিথিলতা দেওয়ার ক্ষমতা রাখবে।



















