হুগলি – কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম বিদ্যাসাগর সেতু। তবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ফের দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকছে এই সেতু। গত সপ্তাহের পর এ সপ্তাহেও যান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে যাত্রী ও গাড়িচালকদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে প্রশাসন।
জানা গিয়েছে, রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে হুগলি রিভার ব্রিজ কমিশনের পক্ষ থেকে সেতুর একাধিক গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। নতুন স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং পরিবর্তনের পাশাপাশি অন্যান্য প্রযুক্তিগত কাজও সম্পন্ন করা হবে।
বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজেসি বস রোড থেকে আসা যানবাহনগুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোডের মাধ্যমে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।
অন্যদিকে ঘোষপাড়া দিকের ওয়াই-পয়েন্ট থেকে আসা গাড়িগুলিকে ফারলং গেট, খিদিরপুর রোড এবং রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। একইভাবে খিদিরপুর রোড থেকে আসা যানবাহনগুলিকেও ১১ ফারলং গেট ও হেস্টিংস ক্রসিং হয়ে বিকল্প পথে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।
সিজিআর রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকেও হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোডের মাধ্যমে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রশাসনের তরফে যাত্রীদের আগেভাগে যাত্রাপথ পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। কারণ সেতু বন্ধ থাকার কারণে বিকল্প রুটগুলিতে অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।




















