গোট ট্যুরে গুজরাতের জামনগরে লিওনেল মেসি, বনতারায় অনন্ত অম্বানির আতিথ্যে ফুটবল তারকারা

গোট ট্যুরে গুজরাতের জামনগরে লিওনেল মেসি, বনতারায় অনন্ত অম্বানির আতিথ্যে ফুটবল তারকারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – ভারতে চলা ‘গোট ট্যুর’-এর অংশ হিসেবে গুজরাতের জামনগরে পৌঁছলেন আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ-সহ সফরকারী দলের অন্যান্য সদস্যরা। কড়া নিরাপত্তার মধ্যে একটি সুরক্ষিত কনভয়ে শহর দিয়ে যাতায়াত করতে দেখা যায় ফুটবল তারকাদের। তাঁদের আগমনের মুহূর্তের ভিডিও প্রকাশ্যে এনেছে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা।

সংবাদসংস্থার সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, জামনগরে রিলায়েন্সের বন্যপ্রাণ সংরক্ষণ ও উদ্ধার কেন্দ্র বনতারায় যাচ্ছেন মেসি ও সুয়ারেজ। সেখানে তাঁদের আতিথ্য দেবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত অম্বানি। জানা গিয়েছে, আম্বানি পরিবারের অতিথি হিসেবে ফুটবল তারকারা বনতারায় রাত কাটাবেন।

জামনগরে পৌঁছনোর আগে দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন লিওনেল মেসি। সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় আইসিসি চেয়ারম্যান জয় শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং ডিডিসিএ সভাপতি রোহন জেটলির। ওই অনুষ্ঠানে জয় শাহ মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডে পলকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি উপহার দেন। মেসিকে ১০ নম্বর, সুয়ারেজকে ৯ নম্বর এবং ডে পলকে ৭ নম্বর জার্সি দেওয়া হয়। পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মেসিকে আমন্ত্রণও জানান জয় শাহ।

দিল্লির আগে কলকাতা, হায়দরাবাদ ও মুম্বইয়েও একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মেসি। তবে শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামের অনুষ্ঠানে নির্ধারিত সময়ের আগেই মেসি চলে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বহু দর্শক। টিকিটের উচ্চমূল্য ঘিরে সেদিন তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।

তবে সেই ঘটনার পরেও ভারতের বিভিন্ন শহরে মেসির সফর ঘিরে উন্মাদনায় কোনও ভাটা পড়েনি। জামনগরে তাঁর আগমন ফের একবার প্রমাণ করল, ভারতের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসির জনপ্রিয়তা আজও তুঙ্গে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top