গুগল এআই সামারির ভুল স্বাস্থ্য তথ্য ঘিরে বাড়ছে উদ্বেগ

গুগল এআই সামারির ভুল স্বাস্থ্য তথ্য ঘিরে বাড়ছে উদ্বেগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


স্বাস্থ্য – গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এআই সামারি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, লিভার ফাংশন টেস্টের মতো গুরুতর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে গুগল এআই ভুল তথ্য দিচ্ছে। অভিযোগ, যকৃতের সংক্রমণের ইঙ্গিত থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে রিপোর্টকে ‘স্বাভাবিক’ বলে ব্যাখ্যা করছে এই প্রযুক্তি, যা রোগীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, নির্ভরযোগ্য চিকিৎসা ওয়েবসাইটের পরিবর্তে অনেক সময় ইউটিউব ভিডিওর মতো অনির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে সারাংশ তৈরি করছে এআই। জার্মানিতে প্রায় ৫০ হাজার সার্চ বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র ৩৪.৪৫ শতাংশ ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করেছে এই ব্যবস্থা। বাকি ক্ষেত্রগুলিতে প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্যের বদলে তুলনামূলক কম বিশ্বাসযোগ্য সূত্রের উপর নির্ভর করে সারসংক্ষেপ তৈরি করা হয়েছে।
প্রতি মাসে প্রায় ২০০ কোটি মানুষ গুগল ব্যবহার করেন। ফলে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকরা বহুদিন ধরেই ‘ডক্টর গুগল’-এর উপর অতিরিক্ত নির্ভরতার বিষয়ে সতর্ক করে আসছেন। বর্তমানে অনেক ব্যবহারকারী বিস্তারিত সার্চ ফলাফল না দেখে সরাসরি এআই সামারির উপর নির্ভর করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা জরুরি। ভুল তথ্যের ভিত্তিতে চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নিলে বড় ধরনের শারীরিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও বিষয়ে এআই-এর উপর অন্ধবিশ্বাস না রেখে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top