কলকাতা – রবিবারের পর আজ সোমবার, শহরে ফের বিক্ষোভের মুখে পড়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন সকালে তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে যান। সেই সময় বিক্ষোভকারীরা দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকা দেখান এবং ‘Go Back’ স্লোগান দিতে থাকেন। মন্দির থেকে বেরনোর সময়ও তারা লাগাতার স্লোগান দিতে থাকেন, যা কালীঘাট মন্দির চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণে আনে পুলিশ। জ্ঞানেশ কুমার বিক্ষোভ প্রসঙ্গে কিছু না বললেও বলেন, “মা কালী সবার ভালো করুন, ভাল রাখুন।”
এসআইআর সংঘাতের পর রবিবার রাতে কলকাতায় পৌঁছান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ কমিশনের ফুল বেঞ্চ। শহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিমানবন্দরে তাঁকে ঘিরে বিক্ষোভের সৃষ্টি হয়, যেখানে ‘Go Back’ স্লোগান দেয়া হয়। কৈখালি, ভিআইপি রোডসহ বিভিন্ন রাস্তায় তাঁকে কালো পতাকা দেখানো হয়। রাজারহাটের হোটেলেও বিক্ষোভ হয়। সোমবার সকালে কড়া পুলিশি প্রহরায় তিনি কালীঘাট মন্দিরে পুজো দেন।
আজ সোমবার তাঁর জন্য ঠাসা কর্মসূচি রয়েছে। সকাল ১০ টার নাগাদ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের ফুল বেঞ্চ। তৃণমূলের প্রতিনিধি দলও বৈঠকে উপস্থিত থাকবেন, যেখানে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজীব কুমার প্রতিনিধি হিসাবে থাকবেন। এরপর সিইও ও কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক হবে। মুখ্যসচিব, ডিজিপি এবং সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গেও কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করবে। এই বৈঠকগুলোতে ভোট প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে খবর।



















