মালদহে এক যুগের অবসান, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী

মালদহে এক যুগের অবসান, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মালদা – মালদহের রাজনীতিতে এক অধ্যায়ের অবসান ঘটল। প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও মালদহ দক্ষিণের প্রাক্তন সাংসদ Abu Hasem Khan Choudhury, যিনি ডালু নামেই পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। নির্বাচনের মুখে তাঁর প্রয়াণে শোকস্তব্ধ মালদহের রাজনৈতিক মহল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শেষ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তাঁর স্ত্রীও সেখানেই উপস্থিত ছিলেন। ছেলে তথা বর্তমান সাংসদ Isha Khan Choudhury কলকাতা থেকে মালদহে পৌঁছনোর পরই বাবার মৃত্যুসংবাদ পান। বৃহস্পতিবার তাঁর দেহ মালদহে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান প্রদেশ কংগ্রেস নেতৃত্বও।
১৯৩৮ সালের ১২ জানুয়ারি মালদহের প্রভাবশালী খান চৌধুরী পরিবারে জন্ম তাঁর। রাজনীতিতে তাঁর হাতেখড়ি হয় দাদা Ghani Khan Choudhury-র হাত ধরে। দাদার মৃত্যুর পর মালদহে কংগ্রেস সংগঠনের হাল তিনিই দৃঢ়ভাবে সামলান। ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত কালিয়াচক বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। পরে ২০০৯ সাল থেকে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করেন।
অসুস্থতার কারণে গত কিছুদিন ধরেই সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন ডালু খান চৌধুরী। গত লোকসভা নির্বাচনে প্রার্থী হননি তিনি। বর্তমানে তাঁর আসন থেকেই সাংসদ হয়েছেন তাঁর ছেলে ইশা খান চৌধুরী। পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন তাঁর ভাগ্নি Mausam Benazir Noor-ও, যিনি এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন।
এবারের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই প্রয়াণ মালদহ কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পরিস্থিতি ভোটের ময়দানে সহানুভূতির আবহও তৈরি করতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top