ব্যাক টু ব্যাক রেকর্ডে কেএল রাহুল, আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে গড়লেন নতুন মাইলস্টোন

ব্যাক টু ব্যাক রেকর্ডে কেএল রাহুল, আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে গড়লেন নতুন মাইলস্টোন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – সময়টা দারুণ যাচ্ছে কেএল রাহুলের। একের পর এক ম্যাচে ব্যাট হাতে রেকর্ড গড়ে চলেছেন এই তারকা ব্যাটার। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যক্তিগত সর্বোচ্চ রানের পর দিল্লি ক্যাপিটালসের ম্যাচেও নাম তুলেছিলেন রেকর্ডবুকে। এবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরও একটি বড় নজির গড়লেন তিনি।
রাজস্থানের বিরুদ্ধে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরানের তালিকায় উঠে এলেন রাহুল। এই ম্যাচের পর তাঁর ঝুলিতে দাঁড়াল আটটি অর্ধশতরান। এর মাধ্যমে তিনি ছাপিয়ে গেলেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ানকে, যাঁদের দু’জনেরই রাজস্থানের বিরুদ্ধে সাতটি করে অর্ধশতরান ছিল। পাশাপাশি তিনি ছুঁয়ে ফেলেন এবি ডিভিলিয়ার্সের রেকর্ড, যাঁরও ছিল আটটি অর্ধশতরান, যদিও ডিভিলিয়ার্স এই মাইলস্টোনে পৌঁছেছিলেন ২০ ইনিংসে, আর রাহুল মাত্র ১৮ ইনিংসে।
ম্যাচে বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই দায়িত্ব নেন রাহুল। ওপেনিংয়ে তাঁর সঙ্গী ছিলেন পথুম নিশঙ্কা, যিনি ৬২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং আইপিএলে নিজের প্রথম অর্ধশতরান পূর্ণ করেন। দুই ওপেনার মিলে ১০০ রানের জুটি গড়ে দেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তাদের দাপটে ব্যাকফুটে চলে যায় রাজস্থান।
এর আগে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ৬ উইকেটে ২২৫ রান তোলে। শুরুতে ১২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও দলকে সামলে নেন অধিনায়ক রিয়ান পরাগ। তিনি খেলেন ৫০ বলে ৯০ রানের ঝোড়ো ইনিংস, যেখানে ৩২ বলে তুলে নেন চলতি আইপিএলের প্রথম অর্ধশতরান। ধ্রুব জুরেলের সঙ্গে ১০২ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দলের স্কোর এগিয়ে নিয়ে যান তিনি। শেষদিকে ডোনোভ্যান ফেরেরার আক্রমণাত্মক ব্যাটিং রাজস্থানকে বড় স্কোরে পৌঁছে দেয়।
তবে সব আলো কেড়ে নেন কেএল রাহুল। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি খেলেছিলেন অপরাজিত ১৫২ রানের ইনিংস, যেখানে নীতিশ রানার সঙ্গে ৭০ বলে ১৫০ রানের পার্টনারশিপ গড়ে দলকে জেতান। সেটিই ছিল দিল্লি ক্যাপিটালসের ইতিহাসে যেকোনও উইকেটে সর্বোচ্চ জুটি।
রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচেও তিনি ৪০ বলে ৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যা দলের জয়ে বড় ভূমিকা রাখে। তিন উইকেট হারিয়ে পাঁচ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস।
এই ধারাবাহিক পারফরম্যান্সে আইপিএলে নতুন করে নিজের দাপট প্রতিষ্ঠা করলেন কেএল রাহুল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top