শিলিগুড়ি: অন্নপূর্ণা যোজনার টাকা এখনও যাঁরা পাননি, তাঁদের দ্রুত তথ্য জমা দেওয়ার অনুরোধ করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। রবিবার কলকাতা যাওয়ার পথে সোশাল মিডিয়ায় লাইভ করে তিনি জানান, হিলকার্ট রোডে তাঁর বিধায়ক দপ্তরে গিয়ে সোমবার দুপুর দেড়টার মধ্যে নাম নথিভুক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত তথ্য জমা দিতে হবে।
শঙ্কর ঘোষ জানান, শিলিগুড়ি শহরে এখনও পর্যন্ত প্রায় ৩৫ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। তবে বহু মহিলা এখনও টাকা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন। টাকা না পাওয়ায় কেউ পুরনিগম, আবার কেউ মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভও দেখিয়েছেন।
সম্প্রতি শহরে ফিরে অন্নপূর্ণা যোজনার সুবিধাপ্রাপকদের বাড়িতে গিয়ে স্টিকার সাঁটানোর সময় মন্ত্রীর কাছে অনেক মহিলা টাকা না পাওয়ার অভিযোগ জানান। এরপরই তাঁদের সমস্যার সমাধানে বিধায়ক দপ্তরে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়।
সোশাল মিডিয়া লাইভে শঙ্কর ঘোষ বলেন, “যিনি বা যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁরা দ্রুত বিধায়ক কার্যালয়ে যান। সেখানে গিয়ে সোমবার দুপুর দেড়টার মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করার পাশাপাশি সমস্ত তথ্য জমা দিন।” তিনি জানান, সংগৃহীত তথ্য নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রীর কাছে জমা করা হবে।
টাকা না পাওয়ায় কাউকে উদ্বিগ্ন না হওয়ারও আশ্বাস দিয়েছেন পর্যটনমন্ত্রী। তাঁর দাবি, কিছু সমস্যার কারণে অনেকের টাকা এখনও আসেনি। তথ্য জমা পড়লে বিষয়টি তিনি দেখবেন এবং দেরি হলেও যোগ্য সকলেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।
পাশাপাশি, যাঁরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, তাঁদের বাড়িতে ওয়ার্ডের কর্মীরা স্টিকার সাঁটাতে গেলে সহযোগিতা করার অনুরোধও জানান শঙ্কর ঘোষ। টাকা না পাওয়ায় মন খারাপ না করার আবেদন জানিয়ে তিনি সকলকে আশ্বস্ত করেন।




















