ফ্লোরিডা: পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা খুঁজতে মহাকাশে পাড়ি দিল নাসার ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’। রবিবার আমেরিকার ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ‘ফ্যালকন হেভি’ রকেটে চেপে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে এই অত্যাধুনিক টেলিস্কোপ। ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪টা ৫৭ মিনিটে উৎক্ষেপণ হয় রকেটটির।
বিজ্ঞানীদের আশা, রোমান স্পেস টেলিস্কোপের সাহায্যে মহাবিশ্বের বহু অজানা তথ্য সামনে আসবে। দূর মহাকাশে পৃথিবীর মতো কোনও গ্রহ রয়েছে কি না, এমনকি সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা রয়েছে কি না—সেই অনুসন্ধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই টেলিস্কোপ।
উৎক্ষেপণের পর ফ্যালকন হেভি রোমান টেলিস্কোপকে পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে, সূর্য-পৃথিবীর দ্বিতীয় ল্যাগরেঞ্জ পয়েন্ট বা L2-তে নিয়ে যাবে। সেখানেই হবে রোমানের মূল পর্যবেক্ষণকেন্দ্র।
পৃথিবীকে প্রদক্ষিণকারী সাধারণ কৃত্রিম উপগ্রহের মতো রোমান পৃথিবীর চারপাশে চক্কর কাটবে না। L2 অঞ্চলে সূর্য ও পৃথিবীর সম্মিলিত মহাকর্ষীয় প্রভাবের সুবিধা নিয়ে অত্যন্ত কম জ্বালানি খরচে স্থিতিশীল অবস্থায় থেকে মহাবিশ্ব পর্যবেক্ষণ করবে।
এই অবস্থান থেকে রোমান মহাকাশের বিস্তীর্ণ অঞ্চলে নজর রাখতে পারবে। ফলে দূরবর্তী গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এবং মহাবিশ্বের বিবর্তন সম্পর্কে নতুন তথ্য পাওয়ার পাশাপাশি মহাকাশে ‘আরও এক পৃথিবী’র সন্ধান পাওয়ার আশাও করছেন বিজ্ঞানীরা।




















