ওয়াশিংটন: ফের ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। আচমকা জলস্রোতের তোড়ে বিস্তীর্ণ এলাকা কার্যত তছনছ হয়ে গিয়েছে। জাতীয় উদ্যান কর্তৃপক্ষের দাবি, এই ঘটনায় ২০ জনেরও বেশি মানুষ নিখোঁজ।
প্রবল জলের তোড়ে ভেসে গিয়েছে একাধিক ফুটব্রিজ, বড় বড় পাথর এবং ধাতব কাঠামো। বিপুল ধ্বংসাবশেষের স্রোত গিয়ে পড়েছে কলোরাডো নদীতে। হড়পা বানের জেরে এলাকার ভূপ্রকৃতিতেও পরিবর্তন ঘটেছে বলে জানা গিয়েছে। তৈরি হয়েছে নতুন জলস্রোত ও খরস্রোত।
স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটে নাগাদ কলোরাডো নদীর সঙ্গে মিশে যাওয়া ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকে আচমকাই জল বাড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে প্রবল স্রোত নেমে আসে। সেই জলের তোড়ে ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন এবং ফ্যান্টম র্যাঞ্চ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এক প্রত্যক্ষদর্শী এরিকা ভিওলা জানান, বৃষ্টি শুরু হওয়ার সময় ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডে প্রায় ৫০ জন ছিলেন। কিছুক্ষণের মধ্যেই ক্রিকের জল দ্রুত বাড়তে দেখা যায়। জলের সঙ্গে ভেসে আসছিল নানা ধরনের ধ্বংসাবশেষ। এমনকি একটি আবাসনের অংশও জলের স্রোতে ভেসে যেতে দেখা যায়।
পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে হেলিকপ্টারের মাধ্যমে ক্যাম্পগ্রাউন্ডে থাকা বহু মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে এখনও ২০ জনেরও বেশি মানুষের কোনও সন্ধান পাওয়া যায়নি বলে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে।



















