নয়াদিল্লি: ক্রীড়াক্ষেত্রে একের পর এক সাফল্য অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রেও নিজেদের সক্ষমতা তুলে ধরছে ভারত। এবার ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র। ভারতে অলিম্পিক আয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প। সেই লক্ষ্যেই এগোচ্ছে দেশের অলিম্পিক মিশন। এই আবহে ভারতের পরিকল্পনা নিয়ে সামনে এল নতুন আপডেট।
অলিম্পিক আয়োজনের দৌড়ে ভারত
২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে ভারত। সম্ভাব্য আয়োজক শহর হিসেবে উঠে এসেছে আহমেদাবাদের নাম। তবে এখনও চূড়ান্ত অনুমোদন মেলেনি। ফলে অলিম্পিক আয়োজনের বিষয়টি আপাতত পরিকল্পনা ও প্রস্তুতির পর্যায়েই রয়েছে।
উল্লেখ্য, ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। এই প্রতিযোগিতাও আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা। কমনওয়েলথ গেমসের পর শহরের ক্রীড়া পরিকাঠামো আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, একাধিক বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে আহমেদাবাদকে অলিম্পিকের জন্য প্রস্তুত করা হবে।




















