কলকাতা: পশ্চিমবঙ্গে বর্তমানে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের পরিবর্তে ‘আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই’ এবং ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ চালুর প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলিতে বিভিন্ন চিকিৎসার প্যাকেজের খরচ পুনর্বিবেচনার দাবি জানাল ‘অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড নার্সিংহোম’ (APHNH)। সংগঠনটির দাবি, আয়ুষ্মান ভারত প্রকল্পে বেশ কিছু চিকিৎসার প্যাকেজ রেট আগের স্বাস্থ্যসাথী প্রকল্পের তুলনায় অনেকটাই কম রাখা হয়েছে। ফলে রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে সমস্যার মুখে পড়ছে বেসরকারি নার্সিংহোমগুলি।
রাজ্যের প্রায় ১২০০টি ছোট ও মাঝারি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র এই সংগঠনের সদস্য। তাদের বক্তব্য, বর্তমান প্যাকেজ রেটে চিকিৎসার খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে উন্নত মানের চিকিৎসা পরিষেবা বজায় রাখার ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
চিকিৎসকদের দাবি
APHNH-র সম্পাদক তথা চিকিৎসক রাজীব কুমার পাণ্ডের মতে, বিশেষত অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে নির্ধারিত প্যাকেজ রেট অত্যন্ত কম। এই রেটে নার্সিংহোমগুলির পক্ষে উন্নত মানের ইমপ্ল্যান্ট এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতির কথা বিবেচনা করে প্যাকেজ রেট বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি।




















