ভ্রমণ ডেস্ক: সামনেই শীতকাল। এই সময় দু’দিনের ছুটি পেলেই অনেকেই শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে সময় কাটানোর পরিকল্পনা করেন। আপনিও যদি সপ্তাহান্তে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবেন, তাহলে আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন ঝাড়খণ্ডের পাহাড়ভাঙ্গাকে। জামশেদপুরের কাছেই অবস্থিত এই সুন্দর জায়গাটি দু’দিনের ছোট্ট ছুটির জন্য হতে পারে মনোরম গন্তব্য।
পাহাড়, নদী আর সবুজ জঙ্গলের অপূর্ব মেলবন্ধন
পাহাড়ভাঙ্গায় গেলে একসঙ্গে উপভোগ করতে পারবেন পাহাড়, নদী এবং সবুজ জঙ্গলের সৌন্দর্য। পাথুরে পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলেছে নদী। নদীর জলের কলকল শব্দ আর চারপাশের ঘন সবুজ গাছপালা মিলে তৈরি করেছে এক মনোরম প্রাকৃতিক পরিবেশ। শহরের ব্যস্ততা থেকে দূরে কিছুটা নিরিবিলি সময় কাটানোর জন্য জায়গাটি বেশ আকর্ষণীয়।
স্থানীয়দের কাছেও পাহাড়ভাঙ্গা একটি পরিচিত পিকনিক স্পট। নদীর পাড়ে চোখে পড়ে কাশফুলের সারি। পাহাড়, নদী, জঙ্গল আর কাশফুলের মেলবন্ধনে গোটা এলাকা যেন ছবির মতো সুন্দর হয়ে ওঠে।
কংক্রিটের শহরের একঘেয়েমি আর কোলাহল থেকে মুক্তি পেতে চাইলে শীতের মরশুমে ঘুরে আসতে পারেন পাহাড়ভাঙ্গা থেকে। প্রকৃতির কোলে দু’দিন কাটিয়ে মন ও শরীরকে সতেজ করে তোলার জন্য এই জায়গাটি হতে পারে আপনার পরবর্তী উইকএন্ড গন্তব্য।




















