কলকাতা: কলকাতা-সহ রাজ্যের একাধিক পুরসভায় আগামী ডিসেম্বর মাসে ভোট হতে পারে বলে জল্পনা চলছিল। তবে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার জেরে পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ নিয়ে তৈরি হল জটিলতা। এই মামলার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। যদিও আগামী শুক্রবারই এই সংক্রান্ত মামলার রায় ঘোষণা হতে পারে।
কলকাতা পুরসভা এলাকায় ওয়ার্ড পুনর্বিন্যাসের পর ওয়ার্ডের সংখ্যা একধাক্কায় অনেকটাই বেড়েছে। আগে যেখানে ওয়ার্ডের সংখ্যা ছিল ১৪৪, নতুন বিন্যাসে তা বেড়ে হয়েছে ২০৯। এই পুনর্বিন্যাস প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় সিপিএম। দীপু দাস নামে এক ব্যক্তি এই মামলা দায়ের করেন।
আদালতে আবেদনকারীর দাবি, নতুন ওয়ার্ড পুনর্বিন্যাসে সীমানা নির্ধারণ নিয়ে একাধিক গুরুতর আপত্তি জানানো হয়েছিল। সেই আপত্তি খতিয়ে দেখতে ‘স্পট ভিজিট’ এবং নাগরিকদের মতামত জানতে এলাকায় গিয়ে জনশুনানির প্রস্তাব দেওয়া হলেও তা গুরুত্ব পায়নি। ওয়ার্ডগুলির জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ও যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে অভিযোগ তাঁর।
এমনকী, নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতেই এই ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে বলেও আদালতে দাবি করেছেন আবেদনকারী। এই মামলার রায় ঘোষণার আগে পুরভোটের নির্ঘণ্ট প্রকাশে নিষেধাজ্ঞা জারি হওয়ায় কলকাতা পুরসভার ভোটের প্রস্তুতি আপাতত আদালতের সিদ্ধান্তের অপেক্ষায়।




















