রাজ্য – সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক পরিণতি। ঢাকুরিয়ার রবীন্দ্র সরোবরের সুইমিং ক্লাবে জলে তলিয়ে মৃত্যু হল একাদশ শ্রেণির ছাত্র সরিপ ঘোষের (১৬)। শুক্রবার বিকেলে সাঁতার শেখার জন্য ক্লাবে গিয়েছিল ওই কিশোর। প্রশিক্ষণ চলাকালীন জলে তলিয়ে যায় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টে থেকে ৫টার মধ্যে ঘটনাটি ঘটে। ওই সময় সুইমিং ক্লাবে আন্ডারওয়াটার প্রশিক্ষণ চলছিল। প্রশিক্ষণের সময়ই সরিপ জলের তলায় চলে যায় বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ পরেও সে পুল থেকে না ওঠায় বিষয়টি প্রশিক্ষকদের নজরে আসে। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি।
শেষপর্যন্ত অচৈতন্য অবস্থায় পুল থেকে সরিপকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিচিতদের মধ্যে। কীভাবে ওই কিশোর জলে তলিয়ে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।




















