রাজ্য – মহানায়ক উত্তমকুমারের (Uttam Kumar) জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত চলচ্চিত্র উৎসবের শুভ সূচনায় বাংলা সিনেমার সোনালী দিন ফিরিয়ে আনার অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজনৈতিক ও ব্যক্তিগত মতপার্থক্য ভুলে বিনোদন জগতের সকলকে এক ছাতার তলায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দক্ষিণ ভারত কিংবা বলিউডের সঙ্গে টেক্কা দিয়ে বাংলা চলচ্চিত্রকে ফের দেশের শীর্ষে নিয়ে যাওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যে বাজেট বরাদ্দ বৃদ্ধি থেকে শুরু করে প্রয়োজন হলে বিধানসভায় আইন পরিবর্তন—সব ধরনের সহযোগিতায় রাজ্য সরকার প্রস্তুত বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে তারকাখচিত উপস্থিতিকে ‘নক্ষত্র সমাবেশ’ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী স্মরণ করেন, কীভাবে এই চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা শুরু হয়েছিল। তাঁর দাবি, কিছুদিন আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) সচিবালয়ে এসে নিজের জন্য কিছু না চেয়ে মহানায়কের জন্মশতবর্ষ উদ্যাপনে সরকারের সক্রিয় ভূমিকার আবেদন জানিয়েছিলেন। এরপর মিঠুন চক্রবর্তী, সন্দীপ রায়, জিৎ, রূপা গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব এই উদ্যোগের সঙ্গে যুক্ত হন।
মহানায়কের পরিবারের তরফে মহুয়া দেবীর আশীর্বাদ ও সম্মতি এবং তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা ও প্রধান সচিব সৌমিত্র মোহনের নিরলস প্রচেষ্টায় উৎসবটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক এবং ‘শিল্পী সংসদ’-এর তরফে ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ বাংলা বিনোদন জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর বার্তা, মহানায়কের জন্মশতবর্ষের এই মুহূর্তে বিভেদ নয়, বাংলা সিনেমার পুনরুত্থানের লক্ষ্যে সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, “আজ আমাদের মধ্যে কোনও বিভেদ বা সংকীর্ণতা নেই। গতকাল কে কাকে কী বলেছিলাম সব ভুলে গেছি। আজকের দিনটা শুধুই উত্তম কুমারের।”




















