এক দশক পর ফের একসঙ্গে দেব–শুভশ্রী, নতুন বছরের শুরুতেই বড় চমক টলিপাড়ায়

এক দশক পর ফের একসঙ্গে দেব–শুভশ্রী, নতুন বছরের শুরুতেই বড় চমক টলিপাড়ায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – নতুন বছর পড়তে না পড়তেই একের পর এক সিনেমার ঘোষণা করে চমক দিচ্ছেন সাংসদ-অভিনেতা দেব। জন্মদিনে নিজের ৫০তম ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র পোস্টার প্রকাশ করেছিলেন তিনি। নববর্ষের দিনেই জানিয়েছেন ‘খাদান ২’ ও ‘টনিক ২’-এর কথা। আর বছরের দ্বিতীয় দিনেই সব থেকে বড় চমক দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন তাঁর ৫১তম ছবির নায়িকা হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
এই ঘোষণার সঙ্গে সঙ্গেই টলিপাড়ায় চর্চা তুঙ্গে। প্রায় এক দশক পর আবার শ্যুটিং সেটে ফিরতে চলেছে দেব–শুভশ্রী জুটি। শুক্রবার দেবের ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় ‘ধূমকেতু’ ছবির প্রোমোশনাল ইভেন্টের ঝলক। ভিডিওতে রয়েছে দু’জনের পরস্পরকে আলিঙ্গনের মুহূর্তও। ক্যাপশনে লেখা, “এই দুর্গাপুজোয় তামপাত্রা বাড়তে চলেছে। তৈরি থাকুন থ্রিল আর হৃদয়গ্রাহী রোম্যান্স এবং রসায়নের জন্য, যা আপনারা সর্বদা পছন্দ করেছেন।”
কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধূমকেতু’ মুক্তির সময় দূরত্ব ভুলে কাছাকাছি এসেছিলেন দর্শকের প্রিয় ‘দেশু’ জুটি। তবে তার পর সুপারস্টার অভিনেতার কিছু মন্তব্যে অপমানিত বোধ করেছিলেন শুভশ্রী— এমনটাই শোনা গিয়েছিল। সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলের অন্নপ্রাশনে দু’জনকে মুখোমুখি দেখা যাওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়, অভিমানের বরফ গলতে শুরু করেছে। দেবের নতুন পোস্ট সেই জল্পনাতেই কার্যত সিলমোহর দিল।
যদিও এই নতুন ছবির নাম কী, বা কবে থেকে শ্যুটিং শুরু হবে, সে বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। এর আগেই টলিপাড়ার স্ক্রিনিং কমিটিকে সমর্থন না করায় দেবের ছবি মুক্তি নিয়ে সাময়িক ধোঁয়াশা তৈরি হয়েছিল অনুরাগীদের মনে। কিন্তু যেভাবে নতুন বছরের শুরুতেই একের পর এক সিনেমার ঘোষণা করছেন অভিনেতা, তাতে অনেকেই মনে করছেন ২০২৬ সালে এটাই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের নতুন স্ট্র্যাটেজি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top